ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানানোর প্রবণতা দিন দিন বাড়ছে। এতে একদিকে নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি পথচারীদের চলাচলেও নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে সকলের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। নগরের যেখানে-সেখানে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড টানানো হলে শহরের নান্দনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই সিলেট একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগর হিসেবে গড়ে উঠুক।’
সিসিক প্রশাসক বলেন, ‘নগরের সৌন্দর্য সংরক্ষণ শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে নগরের পরিবেশ ও সৌন্দর্যের ক্ষতি হয়-এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সিলেট একটি ঐতিহ্যবাহী ও পর্যটনসমৃদ্ধ নগর। এ নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, নান্দনিক ও সুন্দর সিলেট নগর গড়ে তুলি।’
