https://www.emjanews.com/

14352

tourism

প্রকাশিত

১২ মার্চ ২০২৬ ২০:৩৬

পর্যটন

শুক্রবার থেকে চালু হচ্ছে দুবাই ও আবুধাবি রুটে বিমানের ফ্লাইট

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ ২০:৩৬

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট পুনরায় চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) থেকে এ দুটি রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে বিমানের ফ্লাইটগুলো গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৩ মার্চ থেকে ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় ১৩ মার্চ সকাল ৬টায় ঢাকা থেকে আবুধাবিগামী একটি ফ্লাইট এবং একই দিন সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে দুবাইগামী আরেকটি ফ্লাইট পরিচালিত হবে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ ২০২৬ এর মধ্যে দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে ভ্রমণের জন্য যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই নতুন করে সিট বুকিং করে ভ্রমণ করতে পারবেন। বুকিংয়ের জন্য বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা কল সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে ফ্লাইট ছাড়ার চার ঘণ্টা আগে পর্যন্ত ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানের সেলস সেন্টার থেকেও সরাসরি বুকিং সেবা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফ্লাইট সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের জানানো হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত তথ্যের জন্য কল সেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।