https://www.emjanews.com/

14469

sylhet

প্রকাশিত

২০ মার্চ ২০২৬ ১৫:৩১

সিলেট

সিলেটে পবিত্র জুমাতুল বিদায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ ১৫:৩১

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে সিলেটের মসজিদগুলোতে আজ জুমার নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরবি শব্দ ‘বিদা’র অর্থ শেষ বা বিদায়। সে হিসেবে ‘জুমাতুল বিদা’ অর্থ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.), বুরহান উদ্দিন (রহ.)সহ নগরীর বিভিন্ন জামে মসজিদে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি জুমার নামাজ আদায় করেন। এছাড়া বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, আবু তুরাব জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, নাইওরপুর জামেয়া মসজিদ ও আম্বরখানা জামে মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিটি পাড়া মহল্লার মসজিদে মুসল্লিদের সমাগম ছিলো চোখে পড়ার মতো।

নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করেন। রমজানের শেষ জুমা হওয়ায় ধর্মপ্রাণ মুসল্লিরা বেশি বেশি কুরআন তিলাওয়াত, নফল ইবাদত, দান-সদকা ও তওবা-ইস্তিগফারে মনোনিবেশ করেন।

ইসলামি চিন্তাবিদরা বলেন, জুমাতুল বিদা আত্মসমালোচনার একটি গুরুত্বপূর্ণ সময়। পুরো রমজান কীভাবে কাটানো হয়েছে, সে বিষয়ে আত্মবিশ্লেষণ এবং ভবিষ্যতে নিজেকে সংশোধনের অঙ্গীকার করার সুযোগ এনে দেয় এই দিনটি।

রমজানের এই বিদায়ী সময়ে মুসল্লিদের মধ্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও গুনাহ মাফের আকুতি লক্ষ্য করা গেছে। অনেকেই বিশ্বাস করেন, এই রমজানই হয়তো জীবনের শেষ রমজান হতে পারে, তাই ইবাদতে মনোযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।