ছবি: সংগৃহীত
ভূমধ্যসাগরে সাম্প্রতিক নৌকাডুবিতে ১৮ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। সংগঠনটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের ঝুঁকি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে।
বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে আয়েবার মহাসচিব কাজি এনায়েত উল্লাহ বলেন, মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা “অত্যন্ত বিপজ্জনক, অনিরাপদ এবং প্রাণঘাতী”।
তিনি সবাইকে এ ধরনের ঝুঁকিপূর্ণ পথ পরিহার করে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান।
আয়েবা জানায়, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অনিয়মিতভাবে প্রবেশকারীদের যাচাই-বাছাই শেষে যারা রাজনৈতিক আশ্রয়ের অযোগ্য, তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ফ্রান্স বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে ঘোষণা করায় আশ্রয় পাওয়ার সুযোগ আরও সীমিত হয়ে পড়েছে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং ইউরোপীয় কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছে সংগঠনটি। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে সতর্কতার পাশাপাশি ইতিবাচক দিকও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। আয়েবার মতে, ইউরোপে এখনো দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে- বিশেষ করে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, নির্মাণকর্মী, নার্স ও হসপিটালিটি খাতে। তাই বৈধ পথে দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশ যাওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়েবা আরও জানায়, তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার কাজে কাজ করছে এবং এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
