ছবি: সংসদে রুমিন ফারহানা।
নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে ‘কদাকার’ ও ‘কুৎসিত’ বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিচার দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের কাছে এ বিষয়ে বিচার চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
রুমিন ফারহানা বলেন, ‘আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদেরই একজন সদস্য ওয়াজ মাহফিলে কদাকার, কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন। আমি আপনার কাছে এ বিষয়ে বিচার চাইছি।’
তিনি আরও বলেন, বিষয়টি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছে এবং তা সংসদের দৃষ্টিতে আনা প্রয়োজন। এ সময় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি দেখার অনুরোধ জানান।
এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংবাদপত্রের রিপোর্টিংয়ের ভিত্তিতে পয়েন্ট অব অর্ডার তোলা যায় না। তিনি রুলস অব প্রসিডিউর অনুসরণের বিষয়টি স্মরণ করিয়ে দেন।
