সিলেট মহানগরীর তালতলা এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ মার্চ) রাত প্রায় এগারোটা দশ মিনিটে কোতোয়ালি মডেল থানার তালতলা পয়েন্ট সংলগ্ন জামতলা গলির মুখে গুলশান হোটেলের সামনে।
শুক্রবার (৩ এপ্রিল) পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, রাতের নিয়মিত টহলে থাকা কোতোয়ালি মডেল থানার সিয়েরা ওয়ান এবং সিয়েরা ফোর টিম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তারা ইসলামপুর পুড়াবাড়ি এলাকার উত্তম অধিকারীর ছেলে দুর্জয় অধিকারী, বয়স বাইশ, যিনি বর্তমানে সিলেটের কোতোয়ালি থানার জামতলার সপ্তদিপায় বসবাস করেন, তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ বলছে, জামতলা এলাকার দুই পক্ষের পুরোনো বিরোধ থেকেই মারামারির সূত্রপাত হয়। দুর্জয় অধিকারী ওই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কয়েকজনকে মারামারি করতে দেখে ভয় পেয়ে ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার করে দৌড় দেন। এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং মারামারিতে জড়িত একদল ব্যক্তি তাকে প্রতিপক্ষ ভেবে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি আহত হন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যভাবে ‘ছিনতাই’ হিসেবে প্রচার করা হচ্ছে, পুলিশ বলছে তা বাস্তবতার সঙ্গে মিল নেই। এটি মূলত দুই পক্ষের পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ফলাফল। আহত দুর্জয় অধিকারী প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর মঙ্গলবার (১ এপ্রিল) হাসপাতাল ত্যাগ করেছেন।
এ বিষয়ে প্রযোজ্য আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
