https://www.emjanews.com/

14940

sylhet

প্রকাশিত

১৩ এপ্রিল ২০২৬ ১৩:০৩

সিলেট

সিলেটে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে যেসব দোকান: নতুন ঘোষণা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ১৩:০৩

সিলেট মহানগরীতে মিষ্টান্ন ও বেকারী দোকান খোলা রাখার সময় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন মিষ্টির দোকান মালিকরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলের মিষ্টান্ন, বেকারী ও পাউরুটি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে আইন মেনে ব্যবসা পরিচালনা করে আসছে এবং এ খাতের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তারা জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি তরল দুধ সংরক্ষণ ও বিপণন জটিলতায় ডেইরি খামারিরাও ক্ষতির আশঙ্কায় রয়েছেন।

বক্তারা আরও বলেন, মিষ্টি, কেক ও পাউরুটির মতো পচনশীল পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। এ ছাড়া সাধারণ ক্রেতারা দিনের কাজ শেষে বাসায় ফেরার সময় এসব পণ্য ক্রয় করেন, যা ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ।

এ প্রেক্ষিতে মিষ্টান্ন ও বেকারী দোকানগুলো স্বাভাবিক সময় পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা।

পুলিশ কমিশনার আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। পরে সার্বিক বিষয় বিবেচনায় মিষ্টান্ন ও বেকারী দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার সুদীপ্ত রায়, বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাবুলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।