রাজনৈতিক হয়রানিমূলক মা/ম/লা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ১২:৫৪
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই বিষয়ে সম্পূর্ণ সচেতন এবং ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছিল, তবে ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যামামলা প্রত্যাহার হয়নি।
মো. আসাদুজ্জামান বলেন, গত ৫ মার্চ জেলা প্রশাসকের সমন্বয়ে প্রতিটি জেলায় চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা যাচাই-বাছাই করে সুপারিশ করছে। পাশাপাশি ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, যা জেলা কমিটি থেকে প্রাপ্ত সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং মামলা প্রত্যাহারের কার্যক্রম অব্যাহত রেখেছে।
আইনমন্ত্রী আরও বলেন, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তি রাজনৈতিকভাবে মিথ্যা বা হয়রানিমূলক মামলার শিকার হলে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন, সংশ্লিষ্ট কমিটিগুলো তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি সরকারের পক্ষ থেকে জানান, রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলা থেকে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার।
