সংরক্ষিত নারী আসন: সিলেটের একজনসহ ১০ জনের নাম চূড়ান্ত করলো জামায়াত
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ২১:৩৫
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে সিলেটের একজনসহ ১০ জন নারী নেত্রীর নাম চূড়ান্ত করেছে দলটি। আগামী সোমবার (২০ এপ্রিল) বাকি একজনসহ পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) জামায়াতের এক সহকারী সেক্রেটারি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চূড়ান্ত তালিকায় দলের অভ্যন্তরীণ নেত্রীদের পাশাপাশি বাইরেরও দুইজন নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চূড়ান্ত হওয়া তালিকায় রয়েছেন- মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।
এছাড়া সিলেট অঞ্চল থেকে মাহফুজা খানম, চট্টগ্রাম অঞ্চল থেকে মেরিনা সুলতানা, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ রয়েছেন তালিকায়।
দলীয় কোটায় আরও অন্তর্ভুক্ত হয়েছেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু।
দলীয় সূত্র জানিয়েছে, বাকি একজনের নাম চূড়ান্ত করে সোমবার আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে।
