সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ ১৩:৫৯
সিলেটে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার জনস্বাস্থ্যের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান টিকাদান কার্যক্রমের অগ্রগতি অব্যাহত থাকলে দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালুর কথাও জানান মন্ত্রী। স্বাস্থ্যসেবা নিয়ে বিদ্যমান অসন্তোষ দূর করতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সামাজিক সূচকে সিলেট পিছিয়ে থাকলেও আগামী পাঁচ বছরের মধ্যে এই বৈষম্য কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, এই ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং প্রচার কার্যক্রম ইতোমধ্যে পরিচালিত হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ সফলতা অর্জনের আশাবাদ ব্যক্ত করে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। সিলেট সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিশ্বস্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের প্রধান মির্জা ফজলে এলাহী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত এবং অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদা গুলশান সিদ্দিকা।
