সিলেট বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী ওএসডি, আরও দুই অতিরিক্ত কমিশনারের বদলি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ ২১:২৬
ছবি: সংগৃহীত
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী কে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এ ন্যস্ত করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, তাকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে সিলেটের অতিরিক্ত দুই বিভাগীয় কমিশনারকেও বদলি করা হয়েছে।
গত ১৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমান কে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
একই দিনে প্রেষণ-১ শাখা থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিন কে প্রেষণে বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তাকে আজ সোমবার (২০ এপ্রিল) এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন বিকেলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
