ছবি: জামাল ভূঁইয়া
ধুঁকতে থাকা দেশের ফুটবলে এখন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। প্রবাসী ফুটবলারদের দলে অন্তর্ভুক্তির ফলে বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের চিত্র। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর পর একের পর এক প্রবাসী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হচ্ছেন। এতে উচ্ছ্বসিত দেশের ফুটবলপ্রেমীরা। যেখানে আগে বিনামূল্যে টিকিট দিলেও দর্শক পাওয়া যেত না, এখন মাত্র কয়েক মিনিটেই ম্যাচের টিকিট শেষ হয়ে যাচ্ছে।
তবে এই ‘ফুটবলের বসন্তের’ মধ্যেও উঠে আসছে বিতর্ক ও অভিযোগ। প্রবাসী ফুটবলারদের ঘিরে সিন্ডিকেট ও বৈষম্যের অভিযোগে নতুন করে আলোচনায় এসেছে দেশের ফুটবল অঙ্গন।
অভিযোগ রয়েছে, কিছু স্থানীয় ফুটবলার ও কোচিং সংশ্লিষ্টরা প্রবাসী খেলোয়াড়দের দলে মানিয়ে নিতে বাধা সৃষ্টি করছেন। মাঠে তাদের যথাযথভাবে পাস না দেওয়া, সুযোগ কম দেওয়া- এমন নানা অভিযোগ উঠছে।
এই প্রসঙ্গে জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলার জামাল ভূঁইয়া এক পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে তাকে নিয়েও দলে এমন আচরণ করা হয়েছিল।
জামাল বলেন, ‘প্রথম যখন জাতীয় দলে এসেছিলাম, তখন কিছু খেলোয়াড় বলত আমাকে পাস না দিতে। তারা ভাবত আমি বাংলা বুঝি না। কিন্তু আমি এসবকে গুরুত্ব দিইনি এবং নিজেকে প্রমাণ করেছি।’
সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উঠে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু দৃশ্য ভাইরাল হয়, যেখানে তাকে বল না দেওয়ার অভিযোগ দেখা যায়।
জামাল ভূঁইয়া এ প্রসঙ্গে বলেন, ‘এ ধরনের বৈষম্য এখনও থাকতে পারে। এটা আগে থেকেই ছিল, তবে সময়ের সঙ্গে হয়তো কমে যাবে।’
জামালের মতে, মিডিয়ার অতিরিক্ত হাইলাইটিংও দেশি খেলোয়াড়দের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি করছে।
তিনি বলেন, ‘মিডিয়া যখন একজন বিদেশি বা প্রবাসী ফুটবলারকে বেশি তুলে ধরে, তখন দেশি খেলোয়াড়রা মনে করে তারা গুরুত্ব হারাচ্ছে। এতে মানসিক চাপ তৈরি হয়।’
জাতীয় দলেও সিন্ডিকেট নিয়ে আলোচনা থেমে নেই। কোচ হাভিয়ের কাবরেরার সময় কিছু খেলোয়াড় ভালো পারফরম্যান্স করেও মাঠে নিয়মিত সুযোগ পাননি বলে অভিযোগ রয়েছে।
অনেক সময় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও জামাল ভূঁইয়াকে একাদশে না রেখে বেঞ্চে রাখা হয়েছে- এমন ঘটনাও আলোচনায় এসেছে।
এ বিষয়ে জামাল বলেন, ‘দলের ভেতরে থেকে আমি সরাসরি সিন্ডিকেট দেখিনি। তবে বাইরে থেকে দেখলে এমন প্রশ্ন উঠতে পারে।’
প্রবাসী ফুটবলারদের আগমনে বাংলাদেশের ফুটবল নতুন সম্ভাবনার দিকে এগোলেও সিন্ডিকেট, বৈষম্য ও ব্যবস্থাপনাগত দুর্বলতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, এসব সমস্যা সমাধান না হলে ফুটবলের বর্তমান ‘বসন্ত’ দীর্ঘস্থায়ী নাও হতে পারে।
