https://www.emjanews.com/

15148

national

প্রকাশিত

২১ এপ্রিল ২০২৬ ২০:৪৮

জাতীয়

উদার গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা জোরালো করতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন মাস অন্তর বৈঠক করবেন সম্পাদকরা, বকেয়া বিল পরিশোধে আশ্বাস

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ ২০:৪৮

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের সম্পাদক ও মালিকদের সঙ্গে প্রতি তিন মাসে একবার বৈঠকের সিদ্ধান্ত জানিয়েছেন। একই সঙ্গে গণমাধ্যমের চলমান আর্থিক সংকটের বিষয়টি স্বীকার করে বকেয়া বিল পরিশোধে ইতিবাচক আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নোয়াব নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফসহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা।

এছাড়া মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মতিউর রহমান চৌধুরী বলেন, ‘সংবাদপত্র শিল্প বর্তমানে নানা চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক সংকট সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিল্পটি টিকে থাকবে কিনা, সেটিই এখন বড় প্রশ্ন।’

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গণমাধ্যমের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে এবং তিনি তা মনোযোগ দিয়ে শুনেছেন। এসব বিষয়ে বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নোয়াব সভাপতি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে উদার গণতন্ত্রের চর্চার কথা বলেছি এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেছি। তিনি বলেছেন, কাউকে হোস্টাইল করতে চান না- এটি অত্যন্ত ইতিবাচক ‘

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানির বিষয়ে তিনি বলেন, গ্রেফতার সাংবাদিকদের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজন হলে জামিনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারের কাছে গণমাধ্যমের বকেয়া বিল পরিশোধের বিষয়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ওয়েজবোর্ড প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরী বলেন, এ বিষয়েও তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং প্রধানমন্ত্রী তা শুনেছেন।

তিনি আরও বলেন, ‘আগের সরকারগুলোতে সম্পাদকদের সঙ্গে খুব কম বৈঠক হয়েছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী প্রতি তিন মাসে একবার বৈঠকের যে ঘোষণা দিয়েছেন, সেটিই এই সভার সবচেয়ে উল্লেখযোগ্য দিক। এর মাধ্যমে সরকার ও গণমাধ্যমের মধ্যে দূরত্ব কমবে।’