কোম্পানীগঞ্জে মন্ত্রীর গাড়িবহর আটকে নারীদের বিক্ষোভ
প্রস্তাবনা বাতিলের আশ্বাস
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ ১৯:০০
ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা।
সোমবার (২১ এপ্রিল) বিকাল ৬টার দিকে উপজেলার ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কের টুকেরগাঁও জোড়া ব্রিজসংলগ্ন ভাঙারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা ট্রেনিং সেন্টারের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শনে গেলে বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রী।
এ সময় বিক্ষুব্ধ নারীরা মন্ত্রী ভেবে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল-এর পায়ে পড়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন।
বিক্ষোভকারী টুকেরগাঁও গ্রামের সজনা বেগম, আফতেরা, আমিরুন নেছা, হাসনা বেগম, নবীনা, নাঈমা আক্তার ও আয়েশা বেগম জানান, দীর্ঘদিন ধরে তারা খাসজমিতে বসতবাড়ি করে বসবাস করছেন। সম্প্রতি তাদের ফসলি জমি ও বসতভিটা উচ্ছেদ করে মহাসড়কের পূর্ব পাশে ট্রাক টার্মিনাল ও মাদ্রাসা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। রোববার বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জমিতে লাল নিশান টানানো হলে উদ্বেগ আরও বেড়ে যায়।
তাদের দাবি, উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবে- এ প্রশ্নের কোনো উত্তর নেই।
তাৎক্ষণিকভাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিক্ষোভকারীদের কথা শুনে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট প্রস্তাবনা বাতিল করা হবে বলে জানান। এতে উপস্থিত নারীরা আবেগাপ্লুত হয়ে মন্ত্রীর জন্য দোয়া করেন এবং জয়ধ্বনি দেন।
পরে মন্ত্রী গাড়ির ওপর উঠে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে বিকাল সাড়ে ৫টায় তিনি দক্ষিণ রণিখাই ইউনিয়নের বর্ণি এলাকায় সরবি খাল থেকে কাটাগাং পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এছাড়া তেলিখাল ইউনিয়নে স্টোন ক্রাশার জোন ও ট্রাক স্ট্যান্ডের জন্য প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন।
