ছবি: সংগৃহীত
বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের দিকে একটি শক্তিশালী বৃষ্টি বলয় অগ্রসর হচ্ছে, যা আগামী সপ্তাহের শেষভাগ থেকে সক্রিয় হতে পারে।
সোমবার (২০ এপ্রিল) সংস্থাটির এক ফেসবুক পোস্টে বলা হয়, সম্ভাব্য ২৬/২৭ এপ্রিল থেকে ৭/৮ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বলয় সক্রিয় থাকতে পারে। এ সময় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে।
পূর্বাভাসে আরও জানানো হয়, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, রংপুর বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ-এ বৃষ্টি বলয় তুলনামূলক বেশি সক্রিয় থাকতে পারে। অন্যদিকে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ-এ মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে সিলেট অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
তবে বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার আগে, আগামী ২৫/২৬ এপ্রিল পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
