সিলেট মহানগরীতে ৩২ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৬৫ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি এবং মেট্রো অধ্যাদেশে মোট ৩৬ জনকে আটক করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং মাদক সংশ্লিষ্ট ২ জনকে আটক করা হয়েছে। অভিযানে ৭ বোতল বিদেশি মদ ও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশে ২৪ জনকে আটক করা হয়েছে।
এ সময় জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৬ বস্তায় প্রায় ৮০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই দিনে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৮৫টি যানবাহন আটক করা হয়। মামলা দেওয়া যানবাহনের মধ্যে ট্রাক ৫টি, প্রাইভেটকার ৭টি, সিএনজি ২১টি, মোটরসাইকেল ১৪টি এবং অন্যান্য ৫টি রয়েছে। আটক যানবাহনের মধ্যে ট্রাক ২টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ২৯টি, মোটরসাইকেল ৪০টি এবং অন্যান্য ১০টি রয়েছে।
এদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ২৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলার ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদকসেবী ৫ জন, এক চোর এবং সন্দেহভাজন ৯ জন রয়েছেন। এছাড়া মেট্রো অধ্যাদেশে আরও ১১ জনকে আটক করা হয় এবং এ সময় ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
