https://www.emjanews.com/

15156

sylhet

প্রকাশিত

২২ এপ্রিল ২০২৬ ১২:৩৭

আপডেট

২২ এপ্রিল ২০২৬ ১২:৩৯

সিলেট

সিলেটে এলাকাবাসীর সহায়তায় শেষ মুহূর্তে রক্ষা জোছনা-নাহিদার

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ১২:৩৭

চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টার একটি ঘটনায় সিলেটে সংঘবদ্ধ দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৯।

ঘটনার বিবরণে জানা যায়, নড়াইল জেলার সদর থানার শ্রীফলতলা এলাকার বাসিন্দা জোছনা খানম (৫৩) দীর্ঘদিন ধরে কাজের সন্ধানে ছিলেন। তার স্বামী অসুস্থ থাকায় পরিবারে আর্থিক সংকট তৈরি হয়। এ অবস্থায় এক ব্যক্তির মাধ্যমে তিনি জানতে পারেন, জুয়েল মিয়া নামে একজন বিদেশে ভালো বেতনের চাকরি করে দিতে পারে। পরে জোছনা খানম ও নাহিদা খাতুন নামে আরেক নারী ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, এর আগে তিনি বহু মানুষকে ভারতে পাঠিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন।

পাসপোর্ট ও ভিসা না থাকায় তারা দেশের ভেতরেই কাজের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে তাদের জাফলং জিরো পয়েন্ট এলাকায় নিয়ে যাওয়া হয় এবং পরে একটি বাড়িতে রাখা হয়। সেখানে তাদের ভয়ভীতি দেখিয়ে ভারতে যেতে চাপ দেওয়া হয়। বিকাল ৬টা ২০ মিনিটের দিকে গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সীমান্ত এলাকা দিয়ে জোরপূর্বক পারাপারের চেষ্টা করা হলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় ভুক্তভোগীরা বিষয়টি জানালে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় জোছনা খানম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। ঘটনার পর পলাতক আসামিদের ধরতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কোতোয়ালী থানার পূর্ব কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সিলেট জেলার গোয়াইনঘাট থানার আমস্বপ্ন এলাকার ইসমাইল আলীর ছেলে শাকিল (২২) এবং একই এলাকার ফয়সাল (২২)।

আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯। এছাড়া মানবপাচারসহ অন্যান্য অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।