সিলেটের গোয়াইনঘাটে মাদকসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয় বলে দাবি র্যাবের।
র্যাব-৯ জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার শালুটিকর বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পায় র্যাব-৯, সদর কোম্পানীর একটি দল। পরে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তাদের কাছে মাদকদ্রব্য রয়েছে। পরে তাদের হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৭১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সিলেট জেলার, বিমানবন্দর থানার, কালাগুল সাহেবের বাজার এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাজা মিয়া (২৫)।
পুলিশ বলছে, তারা পরস্পরের যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
