সিলেট নগরীতে চলন্ত সিএনজির ভেতর ছিনতাইয়ের ঘটনায় হাতেনাতে দুই সদস্যকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল আনুমানিক ৬টার দিকে ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট জেলার বিশ্বনাথ থানার শেখেরগাঁও এলাকার মৃত ক্বারী আলাউদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৬০) বন্দরবাজারগামী একটি সিএনজিতে যাত্রা করেন। রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা তার পাঞ্জাবির পকেট থেকে নগদ ৪ হাজার টাকা ছিনতাই করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে ঘটনাস্থলের আশপাশে টহলরত পুলিশ দ্রুত এগিয়ে এসে সিএনজিসহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝিগলী এলাকার আব্দুন নূরের ছেলে আক্তার হোসেন (৩৫), বর্তমানে সিলেটের জালালাবাদ থানার ভাইয়ারপাড় এলাকায় বসবাস করছেন এবং সিলেট জেলার বিশ্বনাথ থানার চৌধুরীবাজার এলাকার মতিন মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৬), বর্তমানে জালালাবাদ থানার আখালিয়া বড়বাড়ী এলাকায় বসবাস করছেন।
এ ঘটনায় ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
