https://www.emjanews.com/

15407

national

প্রকাশিত

০৩ মে ২০২৬ ১৬:২৭

জাতীয়

ঈদে হবেনা পশুর সংকট: চাহিদার চেয়ে ২২ লাখ বেশি

প্রকাশ: ০৩ মে ২০২৬ ১৬:২৭

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এবার মোট পশুর চাহিদা ১ কোটির কিছু বেশি হলেও খামারিদের কাছে গরু, ছাগল ও ভেড়াসহ ১ কোটিরও বেশি পশু প্রস্তুত রয়েছে। ফলে সংকটের আশঙ্কা নেই।

মন্ত্রী জানান, চাহিদার তুলনায় দেশে এ বছর ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু অতিরিক্ত থাকবে।

রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সীমান্ত পথে যাতে অবৈধভাবে পশু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনী তৎপর থাকবে এবং কোনো অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না।

প্রজাতিভিত্তিক তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। ছাগল ও ভেড়ার সংখ্যা রয়েছে ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। এছাড়া উট ও দুম্বাজাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।

মন্ত্রী আরও জানান, সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসবে এবং রাজধানী ঢাকায় ২৬টি অস্থায়ী হাট বসানোর পরিকল্পনা রয়েছে।

কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি প্রতিরোধে সরকার কঠোর থাকবে বলেও জানান তিনি। হাট ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকবে এবং সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রে কোনো ধরনের খাজনা বা হাসিল নেওয়া হবে না।