ছবি: সংগৃহীত
মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার থানার মিন্টু মিয়া নামে এক পুলিশ সদস্য। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের আশরাফুল মিয়া দোকানে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের মাধ্যমে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে দোকানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর আতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য মিন্টু মিয়া আহত হন। এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে থেকে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তাহিরপুর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েন করে ৭ জনকে আটক করা হয়েছে।
