ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেলিভিশনের বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ ঈদ অনুষ্ঠান ‘পাহাড়ে ঈদ’-এ এবার অংশ নিচ্ছেন নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা। তাদের বর্ণিল ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
দুই পর্বের এ বিশেষ অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহার চতুর্থ ও পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। এতে অংশ নিয়েছে বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং ও গুর্খা সম্প্রদায়ের শিল্পীরা।
তাদের পরিবেশিত মনোমুগ্ধকর নাচ ও গানের সমন্বয়ে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনায় রয়েছেন ভ্যালেন্টিনা ত্রিপুরা। দুই পর্বের প্রতিটিতে সাতটি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা রাখা হয়েছে।
নাচ-গানের পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ একটি পর্বে পার্বত্য এলাকার মানুষের ঈদ উদযাপনের অভিজ্ঞতা ও গল্পগাথাও তুলে ধরা হবে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।
