https://www.emjanews.com/

15946

national

প্রকাশিত

২৬ মে ২০২৬ ১৬:৩১

জাতীয়

ঈদে দোকান-শপিংমল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৬ মে ২০২৬ ১৬:৩১

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে বিদ্যুৎ বিভাগ, যা মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদকে সামনে রেখে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত চালু রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পূর্বের নিয়মে ফিরে গিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখতে হবে।

এতে আরও জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দফতর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের ছুটিকালে কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি এ সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর পাঠাতে বলা হয়েছে।

এ ছাড়া, রক্ষণাবেক্ষণ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের সময় গ্রাহকদের ভোগান্তি কমাতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আগাম তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে।

এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম এবং ইমাম বা মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় ঈদকালীন সময়ে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে।