শিরোনাম
সিলেটে ২৪ ঘণ্টায় পুলিশের জালে ২৯ জন ‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধী দলের দায়িত্বহীন আচরণ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকের তালে শুরু শারদোৎসব, নিরাপত্তার চাদরে দেশজুড়ে দুর্গাপূজা সিলেটে রাত ৩টায় প্রকৌশলীর বাসায় ঢুকে বিএনপি নেতার চাঁদা দাবি! যাদুকাটা থেকে বালু উত্তোলনে হাইকোর্টের স্থগিতাদেশ ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে হবিগঞ্জ কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

https://www.emjanews.com/

16108

international

প্রকাশিত

০৫ জুন ২০২৬ ০২:০০

আন্তর্জাতিক

এভারেস্টে অলৌকিকভাবে ছয় দিন পর জীবিত উদ্ধার পর্বতারোহী

প্রকাশ: ০৫ জুন ২০২৬ ০২:০০

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে নিখোঁজ হয়ে মৃত বলে ধারণা করা এক নেপালি গাইড ছয় দিন পর জীবিত উদ্ধার হয়েছেন। ঘটনাটি পর্বতারোহণ মহলে বিস্ময় সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে ‘অলৌকিক ঘটনা’ হিসেবে বর্ণনা করছেন।

৫২ বছর বয়সী দাওয়া শেরপা, যিনি ‘হিলারি দাওয়া শেরপা’ নামেও পরিচিত, এভারেস্টের চূড়ায় আরোহনের পর নামার পথে প্রায় ৭ হাজার ৫০০ মিটার উচ্চতায় শেষবারের মতো দেখা গিয়েছিলেন। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া না গেলে তাঁকে মৃত বলে আশঙ্কা করা হয়।

তবে বৃহস্পতিবার এভারেস্ট পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত একটি দল খুম্বু আইসফল এলাকায় তাঁকে ধীরে ধীরে বেস ক্যাম্পের দিকে নেমে আসতে দেখে। উদ্ধারকারীরা জানান, তাঁর দুই হাতে তুষারদংশনের (ফ্রস্টবাইট) চিহ্ন থাকলেও তিনি সচেতন ছিলেন এবং শারীরিকভাবে আশ্চর্যজনকভাবে স্থিতিশীল অবস্থায় ছিলেন।

অনুসন্ধান কার্যক্রম তদারককারী প্রতিষ্ঠান এইটকে এক্সপেডিশন-এর নির্বাহী পরিচালক পেম্বা শেরপা বলেন, “দাওয়া সব প্রতিকূলতাকে হারিয়ে ছয় দিন বেঁচে ছিলেন। এটি সত্যিই অলৌকিক ঘটনা। তিনি নিজের চেষ্টাতেই বেঁচে ফিরেছেন।”

পরে হেলিকপ্টারে করে তাঁকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সচেতন আছেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। তাঁর মেয়ে মেন্ডো লহামো শেরপা জানিয়েছেন, বাবাকে সুস্থ দেখে পরিবার অত্যন্ত আনন্দিত।

দাওয়া শেরপা নিখোঁজ হওয়ার পর তাঁর স্ত্রী শেষকৃত্যের ধর্মীয় প্রার্থনাও সম্পন্ন করেছিলেন। ফলে জীবিত ফিরে আসার খবর পরিবার ও সহকর্মীদের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।

বিশেষজ্ঞদের মতে, এভারেস্টের ওই উচ্চতায় একা ছয় দিন বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। চলতি মৌসুমে এভারেস্ট আরোহনের সময় ইতোমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে দাওয়া শেরপার বেঁচে ফেরা পর্বতারোহণ ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।