জেইনাব জাভাদলি ছবি: সংগৃহীত
দুবাইয়ের শাসক পরিবারের সদস্য শেখ সাঈদ বিন মাকতুম বিন রাশিদ আল মাকতুমের সাবেক স্ত্রী জেইনাব জাভাদলি নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন এক ব্রিটিশ মানবাধিকার আইনজীবী। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ঘনিষ্ঠজন ও মানবাধিকারকর্মীরা।
আজারবাইজানের সাবেক আন্তর্জাতিক জিমন্যাস্ট জেইনাব জাভাদলির সঙ্গে সর্বশেষ মঙ্গলবার রাতে যোগাযোগ হয়েছিল বলে জানিয়েছেন ব্রিটিশ আইনজীবী ও মানবাধিকারকর্মী ডেভিড হেইগ। এরপর থেকে তিনি এবং তাঁর তিন কন্যার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
জাভাদলির পরিবার সূত্রে জানা গেছে, তাঁর মা সম্প্রতি দুবাইয়ে এসে মেয়ের বাসভবনে গেলে সেটি তালাবদ্ধ ও খালি অবস্থায় পান। এমনকি বাড়ির তালাও পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তিনি দুবাই পুলিশ এবং আজারবাইজানের কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেছেন।
২০১৯ সালে জাভাদলি ও শেখ সাঈদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই তাঁদের মধ্যে সন্তানদের হেফাজত নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছিল। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সন্তান অপহরণের অভিযোগ তুলেছিলেন।
জাভাদলি দীর্ঘদিন ধরে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। তাঁর আশঙ্কা ছিল, কর্তৃপক্ষ তাঁর সন্তানদের তাঁর কাছ থেকে নিয়ে যেতে পারে এবং তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে। গত বছর সন্তানদের হেফাজত নিয়ে বিরোধের একটি ঘটনা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন। এ কারণে সংযুক্ত আরব আমিরাতের সাইবার অপরাধ আইনের আওতায় তাঁর বিরুদ্ধে মামলার আশঙ্কাও তৈরি হয়েছিল।
অন্যদিকে, শেখ সাঈদের আইনজীবীরা আদালতে দাবি করেছিলেন, জাভাদলি সন্তানদের যথাযথভাবে দেখাশোনা করতে ব্যর্থ হয়েছেন। তবে এসব অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন এবং আদালতে নিজের পক্ষে প্রমাণও উপস্থাপন করেন।
মানবাধিকারকর্মী ডেভিড হেইগ বলেন, ঘটনাটি পাঁচ বছর আগে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এর কন্যা প্রিন্সেস লতিফা-এর নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে উদ্বেগজনক সাদৃশ্য বহন করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাভাদলির অবস্থান ও নিরাপত্তা সম্পর্কে দ্রুত তথ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
