https://www.emjanews.com/

16154

sports

প্রকাশিত

০৬ জুন ২০২৬ ২২:১০

খেলাধুলা

সাফে রানারআপ বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত

প্রকাশ: ০৬ জুন ২০২৬ ২২:১০

ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানারআপ হয় মারিয়া-ঋতুপর্ণারা। এই জয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করল ভারত।

গত দুই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। তবে এবারের আসরে শুরু থেকেই ছন্দহীন ছিল দলটি। গ্রুপ পর্বেও ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফাইনালেও সেই একই প্রতিপক্ষের বিপক্ষে তিন গোল হজম করে শিরোপা হাতছাড়া করতে হলো।

ফাইনালে বাংলাদেশের একমাত্র গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। তবে গোলকিপিং ও রক্ষণভাগের দুর্বলতা বড় ব্যবধানে ভুগিয়েছে বাংলাদেশকে। ভারতের তিন গোলের মধ্যে দুটি এসেছে গোলরক্ষক মিলি আক্তারের ভুলে, আর একটি গোলের পেছনে ছিল ডিফেন্ডার আফিদা খন্দকারের ভুল ক্লিয়ারেন্স।

ম্যাচের ৪২ মিনিটে প্রথম গোল পায় ভারত। পিয়ারী সাহার শটে এগিয়ে যায় তারা। একটি সাধারণ আক্রমণে পোস্ট ছেড়ে অনেকটা সামনে চলে আসেন গোলরক্ষক মিলি আক্তার। সেই সুযোগে পিয়ারী সাহা বক্সের বাইরে থেকে বল তুলে দেন তার মাথার ওপর দিয়ে। বল জালে জড়ালে এগিয়ে যায় ভারত।

তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে দারুণ প্রত্যাবর্তন করে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমা কোনাকুনি শটে গোল করে সমতায় ফেরান দলকে। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় ভারত। ৪৯ মিনিটে কর্নার থেকে সানফিদার হেড সাইড পোস্টে লেগে জালে জড়ালে ২-১ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা। এ সময়ও গোলরক্ষক মিলি আক্তার বলটি রুখতে ব্যর্থ হন।

গোল শোধের চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে আক্রমণভাগে তেমন কার্যকর হতে পারেনি বাংলাদেশ। ঋতুপর্ণার ওপর নির্ভর করলেও তিনি উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি।

ম্যাচের ৮২ মিনিটে বাংলাদেশের আশা শেষ হয়ে যায়। ডিফেন্ডার আফিদা খন্দকার বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন। সেই সুযোগে ভারতের ফরোয়ার্ডরা বল দখলে নিয়ে আক্রমণ গড়ে তোলেন। শেষ পর্যন্ত কম বলের শটে জালে বল জড়ালে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত এবং শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলে।

শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ৩-১ গোলের পরাজয়ে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেল লাল-সবুজের প্রতিনিধিদের। অন্যদিকে ষষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরল ভারত।