https://www.emjanews.com/

16164

national

প্রকাশিত

০৭ জুন ২০২৬ ১৯:১৪

জাতীয়

সংসদে শোক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ ১৯:১৪

ছবি: সংগৃহীত

উনসত্তরের গণ–অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনসহ ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। একই সঙ্গে ধর্ষণের পর হত্যার শিকার চার শিশুসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) শুরুর দিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোক প্রস্তাবে যেসব সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে স্মরণ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন- তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন, এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, শফিক আহমেদ, আবদুল মতিন, মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, দেওয়ান শামসুল আবেদীন, জি এম ফজলুল হক, সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং মো. সামসুদ্দোহা।

এ ছাড়া শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন, সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির এবং সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

শোক প্রস্তাবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের পর হত্যার শিকার চার শিশুর মৃত্যুতেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

সংসদে গৃহীত শোক প্রস্তাবে প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।