https://www.emjanews.com/

16181

jobs

প্রকাশিত

০৭ জুন ২০২৬ ২২:২৯

চাকুরী

৪৯তম বিশেষ বিসিএসে জটিলতা, হতে পারে পুনরায় ভেরিফিকেশন

চূড়ান্ত সুপারিশের সাত মাস পরও যোগদান হয়নি ৬৬৮ প্রার্থীর; হতাশ নিয়োগপ্রত্যাশীরা

প্রকাশ: ০৭ জুন ২০২৬ ২২:২৯

ছবি: সংগৃহীত

৪৯তম (বিশেষ) বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের পুনরায় ভেরিফিকেশন করা হতে পারে বলে জানা গেছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর মাধ্যমে এই ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনার সম্ভাবনা রয়েছে। ফলে নিয়োগপ্রাপ্তদের যোগদান আরও বিলম্বিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত বছরের ১১ অক্টোবর শিক্ষা ক্যাডারের জন্য অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। তবে সুপারিশের প্রায় সাত মাস পেরিয়ে গেলেও এখনো যোগদানের সুযোগ পাননি প্রার্থীরা।

পিএসসি সূত্রে জানা যায়, সুপারিশপ্রাপ্তদের কাগজপত্র দুই দফায় সংগ্রহ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের সময় জমা দেওয়া প্রথম দফার কাগজপত্র পুলিশের একটি সংস্থার মাধ্যমে যাচাই করা হয়। পরে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় দফায় আবারও কাগজপত্র নেওয়া হয়। সেই কাগজপত্র জমা দেওয়ার প্রায় দেড় মাস পার হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক কর্মকর্তা জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট বিবেচনায় দ্রুত সময়ে এই বিশেষ বিসিএসের কার্যক্রম সম্পন্ন করে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। কিন্তু ভেরিফিকেশন-সংক্রান্ত জটিলতার কারণে এখনো প্রার্থীদের যোগদান সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘যতটুকু জেনেছি, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুনরায় এনএসআই ভেরিফিকেশন করা হতে পারে।’

কবে নাগাদ প্রার্থীদের যোগদানের নির্দেশনা জারি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই দফায় আমাদের কাছ থেকে প্রার্থীদের তথ্য নেওয়া হয়েছে। দ্বিতীয় দফার তথ্য প্রায় দেড় মাস আগে দেওয়া হয়েছে। যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ই জানাতে পারবে।’

এ বিষয়ে জানতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ ও নব নিয়োগ) আবুল হায়াত মো. রফিক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়। শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। এমসিকিউভিত্তিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন প্রার্থী।