ছবি: সংগৃহীত
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আগামী ২৪ ঘণ্টায় দমকা বা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে।
আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দেশের আরও বিস্তৃত এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে, যার জন্য আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে জানানো হয়েছে।
এ অবস্থায় আজ সন্ধ্যা ৬টা থেকে সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
