https://www.emjanews.com/

16174

sylhet

প্রকাশিত

০৭ জুন ২০২৬ ২০:৩৮

সিলেট

৬ দফা দাবিতে সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও বিক্ষোভ

প্রকাশ: ০৭ জুন ২০২৬ ২০:৩৮

ছবি: সংগৃহীত

এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল এবং ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। একই সঙ্গে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়।

আন্দোলনরত চিকিৎসকদের ঘোষিত ৬ দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো- গত ১৯ মে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করা।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন ৫০ হাজার টাকায় উন্নীতকরণসহ একটি নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

এছাড়া বিএমডিসি-২০২৩ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকায় সীমাবদ্ধ করার দাবি জানানো হয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে বৈষম্য, অবহেলা ও নিরাপত্তাহীনতার শিকার। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানান।