ছবি: সংগৃহীত
সিলেট মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের মিরাবাজার আগপাড়ার কৃতী সন্তান, সাবেক ছাত্রনেতা ও সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিনহাজুর রহমান মিনহাজ সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন সাবেক ছাত্রদল নেতা মির্জা জামিল হোসেন সাগরের পরিবারের সঙ্গে।
সম্প্রতি তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও জিন্দাবাজার শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া হোসেন নিঝুমকে সঙ্গে নিয়ে সাগরের পরিবারের বাসভবনে যান। এ সময় তারা দীর্ঘক্ষণ সামাজিক, ব্যবসায়িক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
সাক্ষাৎকালে মিনহাজুর রহমান মিনহাজ বলেন, ‘১৮ নম্বর ওয়ার্ড আমার জন্মস্থান। এই ওয়ার্ডের প্রতিটি গলি ও জনপদের সঙ্গে জড়িয়ে আছে আমার শৈশব, কৈশোর ও রাজনৈতিক-সামাজিক কর্মকাণ্ডের স্মৃতি। আমি সবসময় দেশ ও জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, আগামীতেও থাকব।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের অবহেলায় পিছিয়ে থাকা ১৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমি দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। এজন্য ওয়ার্ডবাসীর সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।’
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
