হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো ভ্যাকসিন আমদানি না করার অভিযোগে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত শুনানি শেষে মামলাটি গ্রহণের মতো উপাদান না থাকায় তা খারিজের আদেশ দেন।
আদালতে এ আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
মামলায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়। অন্যদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্টরা দায়িত্বে অবহেলা করেছেন এবং উদ্দেশ্যমূলকভাবে হামের ভ্যাকসিন যথাসময়ে আমদানি না করায় দেশে শিশু মৃত্যুর ঘটনা বেড়েছে। এতে শত শত শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশুর জীবন ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, দেশে দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা আমদানি করা হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়, যা সময়সাপেক্ষ হওয়ায় টিকা সংকট সৃষ্টি হয়।
এতে উল্লেখ করা হয়, সম্ভাব্য টিকা সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই সতর্ক করা হয়েছিল বলেও দাবি করা হয়। তবে অভিযোগ অনুযায়ী, সেই সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি।
মামলার আবেদনে বলা হয়, এর ফলে দেশে বহু শিশু নির্ধারিত সময়ে টিকা থেকে বঞ্চিত হয় এবং হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে বিপুলসংখ্যক শিশু আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
এ বিষয়ে আদালত মামলাটি গ্রহণের মতো যথেষ্ট উপাদান না পাওয়ায় তা খারিজ করে দেন।
সূত্র: কালবেলা
