ছবি: সংগৃহীত
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো মৌলভীবাজার, পঞ্চগড়, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসরীন সুলতানা।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পঞ্চগড়ের বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডির পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) পদায়ন করা হয়েছে।
ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। অন্যদিকে, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান, যিনি এর আগে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন এবং পরে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করেন, তাকে পুলিশ সদরদপ্তরেই সংযুক্ত করা হয়েছে।
এছাড়া পৃথক আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
