https://www.emjanews.com/

16382

sylhet

প্রকাশিত

১৪ জুন ২০২৬ ১৪:৩৭

আপডেট

১৪ জুন ২০২৬ ১৭:১৫

সিলেট

সিলেটে হ/ত্যা মামলায় যেভাবে ধরা পড়লেন জসীম

প্রকাশ: ১৪ জুন ২০২৬ ১৪:৩৭

কুমিল্লার বরুড়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে জসীম উদ্দিন হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে সিলেট থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯।

শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেটের কোতোয়ালী থানার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি কুমিল্লা জেলার বরুড়া থানার ধনিশ্বর এলাকার আলী আকবরের ছেলে নাজমুল হোসেন (৩২)।

র‌্যাব জানায়, জসীম উদ্দিন একই এলাকার বাসিন্দা ছিলেন এবং তার সঙ্গে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। গত ১৫ মার্চ বিরোধের জেরে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে জসীম ও তার স্ত্রী বাধা দেন। এ সময় তাদের মারধর করে আহত করা হয়। পরে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন জসীম।

এরপর গত ১৬ মার্চ সন্ধ্যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে জসীমের বাড়িতে হামলা চালায়। তারা বসতঘরে ভাঙচুর করে এবং জসীম বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মারধর করে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জসীমের স্ত্রী বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রধান আসামি নাজমুল হোসেন পলাতক ছিলেন। র‌্যাব জানায়, ঘটনার পর তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে তাকে সিলেট থেকে আটক করা হয়।

আটক আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।