https://www.emjanews.com/

16385

sports

প্রকাশিত

১৪ জুন ২০২৬ ১৭:১৪

আপডেট

১৪ জুন ২০২৬ ১৭:১৫

খেলাধুলা

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সংগ্রহ ২৭৪, চাপে অস্ট্রেলিয়া

প্রকাশ: ১৪ জুন ২০২৬ ১৭:১৪

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া, আর সেই চাপ আরও বাড়িয়ে দেন বাংলাদেশের তারকা ওপেনার সৌম সরকারের এক অবিশ্বাস্য ক্যাচ।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি তাসকিন আহমেদের বলে সামনের পায়ে এসে কাভারের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন। বলটি শূন্যে ভেসে উঠতেই ডাইভ দিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন সৌম্য সরকার। শুরুতে দুই হাতে ধরার চেষ্টা থাকলেও পরে বাঁ হাতেই নিয়ন্ত্রণে আনেন তিনি। মুহূর্তেই মাঠে উল্লাস ছড়িয়ে পড়ে, সতীর্থরা ছুটে এসে তাকে ঘিরে ধরেন, প্রথমেই জড়িয়ে ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১১.১ ওভারে ৭০ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৬ বলে একটি চারসহ ৮ রান করে ফেরেন অ্যালেক্স ক্যারি।

এর আগে শরীফুল ইসলাম এক ওভারে দুই উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে বড় ধাক্কা দেন। ওপেনার জশ ইংলিস ১২ বলে চারটি বাউন্ডারিতে ২১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন। ওয়ানডাউনে নেমে দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরে যান ম্যাট রেনশ।

বাংলাদেশ ইনিংসেও শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারেই আউট হন সৌম্য সরকার, করেন মাত্র ২ রান। এরপর তানজিদ হাসান তামিম ১৯ রান করে ফেরেন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫০ বলে ২৪ রান করে আউট হন।

৬১ রানে ৩ উইকেট হারানোর পর ইনিংস গড়ে তোলেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ১০৯ বলে ৯৫ রানের জুটি গড়েন। লিটন ৭৮ বলে ৫৮ রান করে রিটায়ার্ড হার্ট হন।

পরে হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত মিলে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের রান এগিয়ে নেন। হৃদয় ৮৮ বলে ৮৩ রান করে আউট হন, আর মোসাদ্দেক ৫১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশ তোলে ২৭৪ রান।

মাঝের দুই জুটির ওপর ভর করেই বাংলাদেশের ইনিংস দাঁড়ায়। এক পর্যায়ে ৫৩ রানে ২ উইকেট এবং ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে লিটন ও হৃদয়ের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে হৃদয়ের বিদায়ের পর শেষদিকে মোসাদ্দেকের দায়িত্বশীল ব্যাটিং দলকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেয়।

সর্বশেষ ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০০ রান।