ছবি: বেনজীর আহমেদ।
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে একাধিক দায়িত্বশীল সূত্র। তার কাছে বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি পর্তুগালের পাসপোর্ট এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসের অনুমতিপত্র (রেসিডেন্স পারমিট) পাওয়া গেছে বলেও জানা গেছে।
রোববার (১৪ জুন) দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন দুবাইয়ে পৌঁছানোর পর বেনজীর আহমেদকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। ওই নোটিশের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বেনজীর আহমেদের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা। পুলিশ সদর দপ্তরের দুইজন অতিরিক্ত আইজিপি, একজন ডিআইজি এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার (এআইজি) বিষয়টি নিশ্চিত করলেও তারা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে কিংবা নাম প্রকাশ করতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১২ জুন দুবাই ইন্টারপোল বাংলাদেশ পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়। ওই চিঠিতে বেনজীর আহমেদকে দুবাই পুলিশের হাতে গ্রেফতারের তথ্য উল্লেখ করা হয়।
আরেক কর্মকর্তা জানান, দুদকের মামলায় জারি হওয়া আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই দুবাই পুলিশ তাকে আটক করেছে। গ্রেফতারের বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করবে।
উল্লেখ্য, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। তার সম্পদ জব্দ এবং দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ এর আগে গ্রহণ করা হয়েছিল।
