ছবি: সংগৃহীত
ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ)’ পদে ১,৩৩৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য বাংলাদেশি নাগরিকরা আগামী ১২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্যাংকভিত্তিক শূন্যপদের সংখ্যা
মোট ১,৩৩৫টি পদের মধ্যে-
রূপালী ব্যাংক পিএলসি – ৭৭২টি
অগ্রণী ব্যাংক পিএলসি – ৪০০টি
বাংলাদেশ কৃষি ব্যাংক – ১২৭টি
বেসিক ব্যাংক পিএলসি – ২৩টি
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি – ১১টি
প্রবাসীকল্যাণ ব্যাংক – ২টি
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনের এসএসসি বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত একটিতে প্রথম বিভাগ বা সমমানের ফল (জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব/সিজিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব) থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা
২০২৬ সালের ১ এপ্রিল তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন পাবেন। এছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।
আবেদন ফি ও গুরুত্বপূর্ণ সময়সূচি
আবেদন করার শেষ সময়: ১২ জুলাই ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
আবেদন ফি: ২০০ টাকা (অফেরতযোগ্য)
ফি পরিশোধ ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
প্রার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পূর্বে নিবন্ধিত প্রার্থীরা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ফি পরিশোধের পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TxnID) ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে Payment Verify সম্পন্ন করা বাধ্যতামূলক। ভেরিফিকেশন সফল হলে প্রাপ্ত Tracking Page আবেদন দাখিলের প্রমাণ হিসেবে সংরক্ষণ করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে।
কর্তৃপক্ষের পরামর্শ
নিয়োগ-সংক্রান্ত যেকোনো পরিবর্তন, সংশোধন বা পরীক্ষার সময়সূচি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। শেষ মুহূর্তের সার্ভার জটিলতা এড়াতে প্রার্থীদের যথাসময়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
