https://www.emjanews.com/

16442

surplus

প্রকাশিত

১৬ জুন ২০২৬ ২১:১৪

অন্যান্য

মৌলভীবাজারে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর চালুসহ ১০ দাবি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ ২১:১৪

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শমশেরনগর বিমানবন্দর চালু, মনু নদী খনন প্রকল্প বাস্তবায়ন এবং জেলার হাওর সংরক্ষণসহ ১০ দফা দাবি বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের কনফারেন্স হল রুমে বাংলাদেশ ইসলামিক সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের উপদেষ্টা ও যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন বিআইএস-এর আজীবন সদস্য দেলওয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য রেদয়ান আহমদ ছামীসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৭ জুনের মৌলভীবাজার সফরকে জেলার উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন জেলাবাসী। তারা আশা প্রকাশ করেন, এ সফরে জেলার দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

বক্তারা দাবি করেন, পর্যটন, চা শিল্প, কৃষি, বনজ সম্পদ এবং প্রবাসীদের রেমিট্যান্সে সমৃদ্ধ মৌলভীবাজারে এখনও কোনো সরকারি মেডিকেল কলেজ বা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। জেলার প্রায় ২৫ লাখ মানুষের চিকিৎসা ও উচ্চশিক্ষার চাহিদা পূরণে এসব প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠা করা প্রয়োজন।

তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে- মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, শমশেরনগর বিমানবন্দর চালু, মনু নদী খনন প্রকল্প বাস্তবায়ন, জেলার হাওর সংরক্ষণ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও কুলাউড়ায় বাইপাস সড়ক নির্মাণ, ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন স্থাপন, রেলসেবার মানোন্নয়ন, মনু নদীতে নতুন সেতু নির্মাণ এবং স্বাস্থ্য ও শিক্ষাসেবার উন্নয়ন।

‘মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই’ ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালকে কেন্দ্র করে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এতে জেলার স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং স্থানীয় শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে।

তিনি বলেন, সরকারি বিশ্ববিদ্যালয় না থাকায় প্রতিবছর অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে শমশেরনগর বিমানবন্দর চালু হলে পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও প্রবাসীদের যাতায়াতে নতুন গতি আসবে।

সংবাদ সম্মেলনে হাওর ও পরিবেশ রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জেলার পরিবেশগত ভারসাম্য রক্ষায় হাওর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা আরও বলেন, বিগত এক যুগ ধরে দেশে-বিদেশে বিভিন্ন সভা, সেমিনার, মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এসব দাবির পক্ষে জনমত গড়ে তোলা হচ্ছে। এবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এসব দাবির বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা জেলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।