ছবি: বেনজীর আহমেদ।
সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার তথ্য-প্রমাণ সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলার নথি ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত একত্র করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।
দুদকের অনুসন্ধানে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৩৪৫ বিঘা জমি এবং বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা তার একটি ফ্ল্যাটও জব্দ করা হয়েছে।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানো হবে।
এদিকে, বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সংস্থাটি বাংলাদেশের এনসিবিকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ‘ফৌজদারি বিষয়ে আন্তর্জাতিক বিচারিক সহযোগিতা সংক্রান্ত’ ২০০৬ সালের ৩৯ নম্বর ফেডারেল আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী, গ্রেফতারকৃত ব্যক্তির প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক লিখিত আবেদন পাঠাতে হবে।
আইন অনুযায়ী প্রত্যর্পণ আবেদনের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির নাম, পরিচয়, ছবি, জাতীয়তা, ঠিকানা এবং পরিচয় শনাক্তে সহায়ক অন্যান্য তথ্য সংযুক্ত করতে হবে। পাশাপাশি অভিযুক্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য আইন, নির্ধারিত শাস্তি, আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা, মামলার বিস্তারিত বিবরণ, তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য প্রয়োজনীয় বিচারিক নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিলসহ জমা দিতে হবে।
দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে আদালতের রায়ের সত্যায়িত অনুলিপি, অপরাধের বিবরণ, আরোপিত শাস্তি এবং রায় কার্যকরযোগ্য হওয়ার প্রমাণপত্রও সংযুক্ত করতে হবে বলে জানিয়েছে এনসিবি।
দুদক সূত্রে আরও জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র কূটনৈতিক মাধ্যমে পাঠানোর জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করে। এরপর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছিল।
