শাহজালাল (রহ.) মাজারের অর্থ ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠিত
প্রকাশ: ২৬ জুন ২০২৬ ১৫:৫৭
সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থের যথাযথ ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। আগামী এক মাসের মধ্যে এই কমিটি মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে। শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
সম্প্রতি মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ও জনমনে নানা প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনা শেষে দরগাহর সার্বিক উন্নয়ন এবং দানের অর্থের ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে সকল পক্ষ একমত হন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাজারের বিদ্যমান কমিটিই প্রচলিত নিয়মে দানবাক্সের অর্থ গণনা করবে এবং সংগৃহীত অর্থ মাজারের চলমান ব্যাংক হিসাবে জমা রাখা হবে।
কমিটির গঠন সম্পর্কে জানানো হয় যে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিসিকে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার, ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক এবং মাজারের মোতোয়াল্লি পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা অতীতের কোনো বিতর্ক নিয়ে পড়ে থাকতে চাই না। সরকারের মূল লক্ষ্য হলো পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি টেকসই ও অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেন ভবিষ্যতে আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে।” এই উদ্যোগের মাধ্যমে দরগাহর ঐতিহ্য রক্ষা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
