‘নিজের সন্তানই যদি নিজ প্রতিষ্ঠানে না পড়ান, তাহলে কী পড়ান?’- শিক্ষামন্ত্রীর ক্ষোভ
প্রকাশ: ২৬ জুন ২০২৬ ২১:২৬
ছবি: সংগৃহীত
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানকে পড়ান কি না- এমন এক প্রশ্ন করে শিক্ষকদের উদ্দেশে হতাশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার প্রশ্নের জবাবে উপস্থিত চার শতাধিক শিক্ষকের মধ্যে মাত্র ১৫ থেকে ২০ জন হাত তোলেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি অভিযোগের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক নিজ প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও তাদের সন্তানদের সেখানে ভর্তি করান না। বিষয়টি যাচাই করতে তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘কার কার সন্তানকে নিজ প্রতিষ্ঠানে ভর্তি করে পড়ান, হাত তুলুন তো।’
মন্ত্রীর এ প্রশ্নের জবাবে উপস্থিত চার শতাধিক শিক্ষকের মধ্যে মাত্র ১৫ থেকে ২০ জন হাত তোলেন। এ দৃশ্য দেখে হতাশা প্রকাশ করেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘দেখুন, আপনারা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যদি নিজের সন্তানকেই ভর্তি করিয়ে পড়ানোর কনফিডেন্স না পান, তাহলে বুঝতে হবে কী পড়ান! কিছুই হয় না, গুরুত্বই দেন না।’
এ সময় কয়েকজন শিক্ষক ব্যাখ্যা দিয়ে বলেন, তাদের সন্তানরা পরিবারের সঙ্গে ঢাকায় বা অন্য জেলায় থাকায় নিজ প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হয়নি।
তবে এ যুক্তিতে সন্তুষ্ট হননি শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘তাই বলে ৪০০ শিক্ষকের পরিবারই কি ঢাকায় থাকে!’
মতবিনিময় সভায় এইচএসসি ও সমমান পরীক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষামন্ত্রী।
