সিলেটের জকিগঞ্জে এক অসুস্থ তরুণের চিকিৎসার পাশে দাঁড়িয়েছে ‘পৌরসভা প্রবাসী পরিষদ, জকিগঞ্জ’। সোমবার (২৯ জুন) দুপুরে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মর্ডাণ মেডিকেল সার্ভিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিপুল রায়ের পরিবারের হাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে জটিল ও কঠিন রোগে আক্রান্ত সিপুল রায়ের অস্ত্রোপচারের ব্যয় মেটাতে এই উদ্যোগ নিয়েছে প্রবাসীদের নিয়ে গঠিত এই সামাজিক সংগঠনটি। অনুদান প্রদান অনুষ্ঠানে জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষক শুভ্রত রায় ও শুভাকাঙ্ক্ষী নমিক আহমদের উপস্থিতিতে সিপুল রায়ের পিতা ও চাচার নিকট এই অর্থ হস্তান্তর করা হয়।
পরবর্তীতে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ সিপুলের দ্রুত আরোগ্য কামনা করেন। জকিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রবাসীদের নিয়ে গঠিত ‘পৌরসভা প্রবাসী পরিষদ’ এর এই মানবিক কাজের সাথে যারা যুক্ত ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা, উপদেষ্টা মুনিম আহমদ, কোষাধ্যক্ষ আবু বকর আবুল, সদস্য আব্দুস শাকুর এবং সামাজিক ব্যক্তিত্ব নুরুল হুদাসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
