হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কৃষিজমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজেদের কৃষিজমিতে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির ওপর পড়ে গেলে আব্দুল্লাহ ও আজিদসহ চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
