বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের সাদ্দাম
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ ২৩:৪৪
ছবি: আব্দুল মুমিন সাদ্দাম।
জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতী সন্তান আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান জাতীয় দলের সাবেক এই তারকা খেলোয়াড়।
আব্দুল মোমিন সাদ্দাম দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের হয়ে সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল দলের কৃতি সদস্য হিসেবে শুরু করে আন্তর্জাতিক জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের খেলোয়াড়ি জীবনে তাঁর দক্ষতা, নেতৃত্বগুণ এবং ভলিবলের উন্নয়নে দীর্ঘদিনের সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ তাঁকে ফেডারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন।
চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের সন্তান সাদ্দামের এই অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে দেশের ভলিবল নতুন গতি পাবে এবং তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
তবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সামনে দেশের ভলিবলকে আরও গতিশীল করা, প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা তৈরির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে বলে মনে আব্দুল মুমিন সাদ্দাম।
দায়িত্ব পাওয়ার পর আব্দুল মোমিন সাদ্দাম বলেন, ‘আমার ওপর আস্থা রেখে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাতীয় দলের একজন সাবেক খেলোয়াড় হিসেবে দেশের ভলিবলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।’
তিনি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় খুঁজে বের করা, বয়সভিত্তিক প্রতিযোগিতা বাড়ানো, জেলা ও বিভাগীয় পর্যায়ে ভলিবল কার্যক্রম আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোই হবে আমার অগ্রাধিকার।’
সাদ্দাম আরও বলেন, ‘দেশের ভলিবলের উন্নয়নে সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, সংগঠক, জেলা ক্রীড়া সংস্থা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ভলিবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠের অভিজ্ঞতা ও দীর্ঘদিনের ক্রীড়া-সম্পৃক্ততা নতুন দায়িত্ব পালনে তাঁকে সহায়তা করবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ, বয়সভিত্তিক ভলিবল কার্যক্রম জোরদার, প্রতিযোগিতার পরিধি বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল মোমিন সাদ্দামের দায়িত্ব গ্রহণকে সে লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
