তনু হত্যা মামলা: আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ১৯:৩৪
ছবি: সংগৃহীত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু চাঞ্চল্যকর হত্যা মামলায় নতুন মোড় এসেছে। এ মামলার তদন্তের স্বার্থে আরও দুই সাবেক সেনাসদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তারিকুল ইসলাম।
তদন্ত সূত্রে জানা গেছে, ডিএনএ সংগ্রহের নির্দেশপ্রাপ্ত অভিযুক্তদের মধ্যে জাহিদুল ইসলাম সিরাজগঞ্জের মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং ফয়সাল আহমেদ রাব্বী কুমিল্লার রাজাপাড়া এলাকার এম এ হান্নানের ছেলে। গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক ডিএনএ নমুনা সংগ্রহের এই আদেশ প্রদান করেন।
এর আগে এ মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ সংগ্রহ করে ক্রস-ম্যাচিং করা হয়েছিল।
তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, এই দুই সেনাসদস্যের সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য আদালতে ডিএনএ সংগ্রহের আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।
এদিকে মামলার অন্যতম সন্দেহভাজন শাহিন আলম বর্তমানে কুয়েতে পলাতক রয়েছেন এবং সার্জেন্ট জাহিদুজ্জামানের অবস্থানও অজ্ঞাত। এই প্রেক্ষাপটে তাঁদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশনা দিয়েছেন আদালত।
বর্তমানে এই মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তনু হত্যার রহস্য উদ্ঘাটন ও ন্যায়বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন তাঁর পরিবার ও দেশবাসী।
