ছবি: সংগৃহীত
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্টের তথ্য সংশোধনের সুবর্ণ সুযোগের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে।
গেলো মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ (বহিরাগমন-৪ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা তাদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর বিশেষ এই সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ভোগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং জনস্বার্থের কথা বিবেচনা করে এর আগে জারি করা আদেশের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে যেসব প্রবাসী বাংলাদেশির পাসপোর্টে নিজের নাম, জন্মতারিখ কিংবা পিতা-মাতার নামসহ অন্যান্য তথ্যে অসংগতি রয়েছে, তারা এখন নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার বাড়তি সময় পেলেন।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৮ জুলাই জারি করা এক আদেশে এই সুবিধার মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল। সাম্প্রতিক নির্দেশনায় সেই মেয়াদ বাড়িয়ে আগামী বছরের শেষ দিন পর্যন্ত করা হয়েছে। এই নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে এবং এর অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই সিদ্ধান্তে হাজারো প্রবাসী পাসপোর্ট জটিলতা কাটিয়ে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
