সিলেটে শিক্ষার মান ও পাঠ্যক্রমে সামঞ্জস্য আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১৬:৪৯
সিলেটে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিভিন্ন শিক্ষাধারার মধ্যে পাঠ্যক্রমগত সামঞ্জস্য আনার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেছেন, শিক্ষার বর্তমান ঘাটতি পূরণে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
শনিবার (২৫ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘রাইজ’ ও ‘ইউরো কিডস’ স্কুলের বার্ষিক গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “সিলেটে শিক্ষার ক্ষেত্রে একটি বড় গ্যাপ ছিল, যা এখনো পুরোপুরি পূরণ হয়নি। শিক্ষার মানোন্নয়নে আমাদের আরও অনেক দূর যেতে হবে।” তিনি উদ্যোক্তা মিজানুর রহমান চৌধুরী ও ফয়সল চৌধুরীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
শিক্ষাব্যবস্থার কাঠামোগত দুর্বলতা তুলে ধরে তিনি বলেন, দেশে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা—এই তিন ধারায় শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে, যা পরবর্তীতে বৈষম্য তৈরি করছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত না হলে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।
তিনি সতর্ক করে বলেন, “একই দেশের ভেতরে শিক্ষা ব্যবস্থার কারণে ভিন্ন ভিন্ন মান ও দক্ষতার জনগোষ্ঠী তৈরি হওয়া উচিত নয়।” এ জন্য সব শিক্ষামাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনার আহ্বান জানান তিনি। পাশাপাশি আধুনিক যুগের চাহিদা বিবেচনায় আইটি শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণকে সব মাধ্যমে বাধ্যতামূলক করার ওপর জোর দেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রয়েল এডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে প্রতিষ্ঠান দুটি কাজ করে যাচ্ছে এবং এখানকার অনেক শিক্ষার্থী ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করছে।
ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের মাধ্যমেই একটি আধুনিক ও উন্নত দেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিমসহ প্রশাসন ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের সনদ প্রদান, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, ব্যান্ড সংগীত ও ‘দ্য হ্যান্ডস দ্যাট বিল্ট বাংলাদেশ’ শীর্ষক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
