https://www.emjanews.com/

17370

tourism

প্রকাশিত

২৬ জুলাই ২০২৬ ২০:১৩

পর্যটন

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ ২০:১৩

ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। এই নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

রোববার (২৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সময়সূচি নির্ধারণ করেছে।

সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন

সরকারি কিংবা বেসরকারি- উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিকভাবে নিবন্ধিত ব্যক্তিদের ১০ ডিসেম্বর-এর মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে ইউজার অ্যাকাউন্ট খুলে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।

সরকারি মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। আর বেসরকারি মাধ্যমে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না।

এছাড়া হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যানসার রোগী হজে যাওয়ার অনুমতি পাবেন না।

সক্রিয় সংক্রামক রোগ, যেমন- যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। একই সঙ্গে গর্ভাবস্থার শেষ দুই মাস বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের ফিটনেস সনদ দেওয়া হবে না।

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের তথ্য, জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।

এছাড়া হজে যেতে ইচ্ছুক ব্যক্তির পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।