ওসমানী বিমানবন্দরের কর্মকর্তা নি/খোঁজ নিয়ে ধোঁয়াশা: গাফিলতি নেই দাবি কর্তৃপক্ষের
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ ১৭:৩৪
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬) নিখোঁজ হওয়ার প্রায় তিন সপ্তাহ পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় জিডিতে সময় উল্লেখ নিয়ে প্রশ্ন তুলে তথ্য গোপনের অভিযোগ করেছে পরিবার। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হয়েছে, কোনো ধরনের গাফিলতি হয়নি।
শনিবার (১ আগস্ট) সিলেটে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলিনের পরিবার তার জীবিত উদ্ধারের দাবি জানায় এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।
পরিবার জানায়, গত ৮ জুলাই সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন অভিযোগ করেন, জিডিতে নিখোঁজের সময় উল্লেখে অসঙ্গতি রয়েছে। তিনি বলেন, “নিখোঁজ হওয়ার দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভিডিও কলে আমার সঙ্গে তার কথা হয়েছে। অথচ জিডিতে উল্লেখ করা হয়েছে বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় সে নিখোঁজ হয়েছে। তাহলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কথা বলার পর কীভাবে আগে থেকেই নিখোঁজ দেখানো হলো?”
তিনি আরও বলেন, এ ধরনের অসঙ্গতি থেকে তাদের সন্দেহ হচ্ছে, ঘটনার প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে। জিডিকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের দাবি জানান তিনি।
পরিবারের দাবি, তারা ঠাকুরগাঁও থেকে সিলেটে পৌঁছানোর আগেই জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয়ে ধনঞ্জয় কুণ্ডু (পিয়াস) এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৪২৭, ট্র্যাকিং নম্বর W703Z3, যা ৯ জুলাই ২০২৬ তারিখে নথিভুক্ত হয়।
পরিবারের লিখিত বক্তব্যে বলা হয়, জেলিনের ব্যক্তিগত জীবনে পরিচিত কোনো শত্রু ছিল না। তবে কর্মস্থলে কোনো বিরোধ বা অন্য কোনো কারণে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে তাদের সন্দেহ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিডিকারী ধনঞ্জয় কুণ্ডু কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, আরিফুল্লাহ জেলিন চলতি বছরের এপ্রিল মাসে এখানে বদলি হয়ে আসেন। কিছুদিন আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় ছুটিতে বাড়িতে যান এবং পরে ফিরে এসে বাসায় অবস্থান করছিলেন।
তিনি বলেন, “ফেরার পরদিন সন্ধ্যার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সহকর্মী ও পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। পরদিনই থানায় জিডি করা হয় এবং বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জানানো হয়।”
ব্যবস্থাপক আরও বলেন, বিভিন্ন সূত্র ধরে আইন প্রয়োগকারী সংস্থাগুলো চেষ্টা চালায়। জেলিনের মোবাইল ফোনের সূত্র ধরে সিলেটের সালুটিকর ও গোয়াইনঘাট এলাকাতেও অনুসন্ধান করা হয়।
তিনি জানান, কয়েকদিন আগে সালুটিকরের একটি ওয়ার্কশপের সামনে থেকে জেলিনের মোবাইল ফোন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে ওই ওয়ার্কশপের মালিক থানায় জমা দেন। এরপরও নতুন করে অনুসন্ধান চালানো হলেও এখনো কোনো সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি।
জিডিতে বিলম্ব ও মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ প্রসঙ্গে হাফিজ আহমদ বলেন, “জিডিতে বিলম্বের কোনো সুযোগ ছিল না। রাতে খোঁজাখুঁজির পর পরদিনই জিডি করা হয়েছে। আর মানসিক ভারসাম্যহীন বলা হয়েছে- এমন কোনো বিষয় জিডিতে নেই।”
নিখোঁজের পরিবারের অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে গাফিলতি দেখানোর কোনো সুযোগ নেই। আমরা নিয়ম অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নিয়েছি এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনো কোনো সলিড ক্লু পাওয়া যায়নি।”
এদিকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিখোঁজ এই কর্মকর্তার কোনো সন্ধান না মেলায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
