ছবি: সংগৃহীত
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনটিভি অনলাইন’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মোট সাতটি ভিন্ন পদে ১১ জন দক্ষ ও অভিজ্ঞ কর্মীকে নিয়োগ দেওয়া হবে। এনটিভি অনলাইনকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি চিফ অব ডিজিটাল সেলস, সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল সেলস), সিনিয়র ওয়েব ডেভেলপার, নিউজরুম এডিটর (মাল্টিমিডিয়া), ক্রীড়া প্রতিবেদক, প্রেজেন্টার কাম নিউজরুম এডিটর ও ভিডিও এডিটর পদে প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত রাখা হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা ও অসাধারণ পোর্টফোলিও থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার সুযোগ রাখা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের চিফ অব ডিজিটাল সেলস পদের জন্য ন্যূনতম ১০ বছর এবং ভিডিও এডিটরের জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, ক্রীড়া প্রতিবেদক ও নিউজরুম এডিটর পদের জন্য ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
ডিজিটাল বিজ্ঞাপনের মডেল, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীই অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
যোগ্য প্রার্থীদের আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ক্যারিয়ার গড়ার এই সুযোগটি গ্রহণ করতে বিস্তারিত তথ্য এনটিভির ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করা যাবে।
